মনের জানালা: দিনলিপি




মনের জানালা: দিনলিপি
_______________________
১০ এপ্রিল ২০২০ শুক্রবার
_______________________

রোজকার ন্যায় আমার চিলেকোঠার ছোট্ট ঘরে সকালের রোদের উষ্ণতা আসতেই ঘুম ভেঙে গেল। শুয়ে থাকলাম বেশ কিছুক্ষণ , তার পরেও। আকাশ-পাতাল ভাবলাম। ঘরের পাশের দেবদারু গাছে ততক্ষণে পাখিদের সভা বসেছে। তারা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত, দুটো পাখি রীতিমতো ঝগড়া করছে সেই সাত সকালেই। কাচের জানালা খুললেও তারা আমাকে মোটেও তোয়াক্কা করল না। গ্রাহ্য করলো না আমার উপস্থিতি। আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলাম। অধিকাংশই শালিক পাখি। ধূসর রঙের পাখি ও ছিল বেশ ক’টা। ওদের গা জোয়ারিটাই একটু বেশি। কয়েকটা কাক এসে এই আলোচনায় যোগদান করতে চাইলেও বাকিরা মোটেও পাত্তা দিল না। ইতিমধ্যে কোত্থেকে একটা কাঠঠোকরা উড়ে এসেছে। এদের দলে সে রীতিমত বেমানান। উপায় না পেয়ে ছুটে এলো আমার কাঁচের জানলার কাছেই। সতর্ক চোখ আর ধারালো ঠোঁটে রীতিমতো যোদ্ধা পাখি বলে মনে হচ্ছিল। পাখিগুলোর কোন তাড়া নেই। ব্যস্ততা নেই জীবনে। বেশ লাগছিল। করোনা নিয়ে ভাবনা নেই কোন। জানেই না এসব সম্বন্ধে। আমারও তাড়া নেই আজ। তাই ওদের সাথে কাটিয়ে দিলাম অনেকক্ষণ। সারাদিন যখন এসেছি ঘরে, দেখেছি দেবদারু গাছে কিছু না কিছু পাখি ঠিক আছে। গোটা বিকেল জুড়ে দুটো পাখি মনের সুখে গান গাইলো। ভাষা বুঝতে না পারলেও, সেই সুরে যে প্রাণের ছোঁয়া আছে আমার বুঝতে বাকী নেই। সন্ধ্যে হলে, ঝুপ করে দেবদারু গাছটা একা হয়ে গেল। আমিও। এখন শুধু দেবদারু গাছ আর আমি। আমি আর দেবদারু গাছ। 

প্রকাশিত হয়েছেঃ সাহিত্য- কালচার ই-ম্যাগ নামে একটি পত্রিকায়। নিচে প্রয়োজনীয় লিঙ্ক থাকল।
https://sahityacultureonline.blogspot.com/2020/04/blog-post.html

No comments:

Post a Comment

ছায়া - মানব

ছায়া - মানব ----------------- সবুজ সরকার প্রতিটি দুঃসময় ভাগ করে দেয় দেশ, সমাজ আর মানুষকে ; যেন জন্মদিনের কেকের ওপরে রাখা সুদৃশ্য ছুরি ! ম...